বিএসইসি-এর উদ্যোগে ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা’ বিষয়ক প্রশিক্ষণে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে বুধবার (১ জুলাই ২০২৬) বিএসইসি কার্যালয়ে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ‘প্রাথমিক বিনিয়োগ শিক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পুঁজিবাজার সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, বিনিয়োগকারী সুরক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তরুণদের মধ্যে দায়িত্বশীল বিনিয়োগ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিভাগের সকল শিক্ষক এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিএসইসি-এর ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন চৌধুরী। পরে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশনে আর্থিক সাক্ষরতার মৌলিক ধারণা, বিনিয়োগের ঝুঁকি ও বিনিয়োগকারী সুরক্ষা এবং ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন বিএসইসি-এর পরিচালক শেখ মাহবুব উর রহমান, অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির এবং কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার মোঃ নাফিজ আল তারিক বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা একজন বিনিয়োগকারীকে সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ফিন্যান্সিয়াল অ্যাডভাইজর-এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে পেশাদার আর্থিক পরামর্শকদের প্রাতিষ্ঠানিক নিবন্ধনের বিষয়ে বিএসইসি কাজ করছে।
অনুষ্ঠানে ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো. মাহাফুজুর রহমান প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএসইসি-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন এবং ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনায় সহায়ক হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিভাগের সিনিয়র শিক্ষক ও প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আকতার হোসেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাজারে অনিয়ম ও কৃত্রিম সিন্ডিকেট প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন বিএসইসি-এর ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগের অতিরিক্ত পরিচালক এবং ঢাকা কমার্স কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২য় ব্যাচের সাবেক শিক্ষার্থী হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।