আজ ১৯ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর নৌ শাখার ডেপুটি ডিরেক্টর লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম (টিএএস), বিএন ঢাকা কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন করেন।
তাকে কলেজ প্রঙ্গনে প্লাটুন ইনচার্জ সিইউও মাহমুদুল ইসলাম সাহস এর নেতৃত্বে সুসজ্জিত, শৃঙ্খলাবদ্ধ ও চৌকস ক্যাডেটদের সমন্বয়ে গঠিত একটি দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করে স্বাগত জানায়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের সিনিয়র শরীরচর্চা শিক্ষক এবং প্লাটুন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফয়েজ আহমেদ। গার্ড পরিদর্শন শেষে সম্মানিত অতিথি বিএনসিসি কক্ষ পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরবর্তীতে কলেজ অডিটোরিয়ামে ক্যাডেটদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কমান্ডার মো. রাকিবুল ইসলাম ক্যাডেটদের উদ্দেশ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা ও দেশপ্রেম বিষয়ক গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে বিএনসিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ক্যাডেটদের দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এবং উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেনের সাথে সাক্ষাৎ করে প্লাটুনের সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।