ঢাকা কমার্স কলেজের এক অনন্য আয়োজন বার্ষিক ভোজ। কলেজের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস অধ্যাপক প্রফেসর কাজী মোঃ নুরুল ইসলাম ফারুকী স্যার এর প্রবর্তন করেন। ঐতিহ্যকে ধারণ করে '৩৫তম বার্ষিক ভোজ ২০২৬' অনুষ্ঠিত হয় আজ ১৫ এপ্রিল ২০২৬ এ।
কলেজের উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত কয়েক হাজার শিক্ষার্থীর জন্য আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে গত কয়েকদিন থেকেই কলেজ ছিল উৎসবমুখর। শিক্ষার্থীরা রুচিশীল ও মার্জিত সাজে সজ্জিত হয়ে উৎফুল্লচিত্তে সুশৃঙ্খলভাবে বার্ষিক ভোজে অংশগ্রহণ করে।
ভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অতিথিবর্গ ও ঢাকা কমার্স কলেজের শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। সকালে সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদবোধন করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।
'৩৫তম বার্ষিক ভোজ' আয়োজনে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থেকে তাদের দায়িত্ব পালন করেন। এছাড়া খাবার রক্ষণাবেক্ষণ ও পরিবেশনে কলেজের বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা দায়িত্ব পালন করে। খাবার প্রস্তুতি ও পরিবেশনের জন্য শতাধিক বাবুর্চি, আয়া ও খানসামা নিয়োজিত করা হয়।
বার্ষিক ভোজ ২০২৬ এর আহবায়ক ছিলেন এ. বি. এম. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। কলেজের এমন অনন্য সাধারণ আয়োজন অব্যাহত থাকবে- এটাই সবার প্রত্যাশা।